সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল থেকে নাটোরের বনপাড়া পর্যন্ত মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা এবং বড়াইগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পেশাজীবী এবং ঢাকায় অবস্থানরত বড়াইগ্রামবাসী।
বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ডাক্তার মো: শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন।
বক্তারা বলেন, হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কটি দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রুটে, কিন্তু সরু রাস্তার কারণে দুর্ঘটনা, যানজট এবং জনদুর্ভোগ বেড়েই চলেছে।
বক্তারা আরো বলেন, এই মহাসড়ক ৪ লেনে উন্নীত হলে শুধু বড়াইগ্রাম নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
মানবন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সিনিয়র সহসভাপতি এস. এম. মাহবুব আলম ও মো: রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি মো: বাবর আলী, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু কাফি জন্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী মো: আব্দুল হাকিম, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬ এ বিজয়ী স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিনেতা, উপস্থাপক ও মডেল জনাব আবু হেনা রনি প্রমুখ।
এ ছাড়াও সমিতির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বড়াইগ্রাম গুরুদাসপুরের ঢাকায় বসবাসকারীগণ উপস্থিত হয়ে বক্তব্য এবং দাবির পক্ষে গুরুত্ব আরোপ করেন।
দ্রুত উন্নয়ন প্রকল্প ঘোষণা করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার দাবিতে বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে পরবর্তীতে প্রয়োজনে আরো মানবন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় মানবন্ধন থেকে।