ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মনিরুজ্জামান মিঞা।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো: মনিরুজ্জামান মিঞাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদ থেকে বদলি করে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো: ইসমাইল হোসেন।

গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। এরপর শূন্য হওয়া পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। এবার সেই শূন্যপদে নিয়োগ পেলেন মো: মনিরুজ্জামান মিঞা।

সূত্র : ইউএনবি