হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো: কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১) নামে দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মো: কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাতব্যাগ দেয়ার সময় যাত্রীদের মধ্যে সন্দেহ দেখা দিলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। সন্দেহজনক উত্তর দেয়ায় তাদের এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালানো হয়।
জানা গেছে, মো: কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তল্লাশিকালে তিনটি নীল রঙের ছোট ব্যাগ থেকে চারটি গোল্ডবারসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি)। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, এসব স্বর্ণালঙ্কার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দর ব্যবহার করা হচ্ছিল।
এপিবিএন সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে সতর্ক দৃষ্টি রাখছি। যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।’