স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক।

শনিবার বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জাতিসঙ্ঘের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসঙ্ঘের দৃশ্যমান ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতা আরো গভীর ও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর সমর্থন ও চাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সঙ্কট জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ মানবিক ও নিরাপত্তা সঙ্কট মোকাবিলায় জাতিসঙ্ঘের ছায়াতলে আরো জোরালো আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিল প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে বিশ্বাসী।

বৈঠকে জাতিসঙ্ঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব রেবেকা খান ও উপ-সচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।