জনশৃঙ্খলা রক্ষায় গতকাল বুধবার থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্প্রতি ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নম্বর- ওওও/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। সূত্র : বাসস