দেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে থাকা ৩ লক্ষাধিক উর্দূভাষী মানুষ মানবেতর জীবন যাপন করছে। স্বাধীনতার এত বছর পরে নাগরিকত্ব ও ভোটাধিকার দেয়া হলেও তাদের পুনর্বাসনের অধুনিকায়ন হয়নি।
ক্যাম্পের পরিধি না বাড়লেও এখানে বসবাসরত মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুন। ফলে ছোট একটা রুমের ভেতর বাস করতে হচ্ছে কয়েক প্রজন্মকে। ক্যাম্পবাসীদের স্থায়ী উন্নয়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৪ মে) সকালে রাজধানীতে ডেইলি স্টার ভবনের সেমিনার হলে কাউন্সিল অব মাইনরিটিজ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপ করেন আহমেদ ইব্রাহিম। কাউন্সিলের নির্বাহী পরিচালক খালিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাদাকাত খান ফাক্কু, শাহেদ আলী বাবলু, ওসামা রহমান ইয়াসহাব, মাজহারুল ইসলাম প্রমুখ।
৫৪ বছরের বঞ্চনার কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের তিন লাখের বেশি উর্দুভাষী আধুনিক সকল মৌলিক মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্যাম্পে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাদের স্থায়ী উন্নয়ন ও পুনর্বাসনের জন্যে সরকারকে বিশেষ কমিশন গঠন করতে হবে এবং বাজেটে ক্যাম্পবাসীদের জন্য বরাদ্দ দিতে হবে।
একই সাথে পুনর্বাসনের জন্যে মোহাজিরদের জনা নির্ধারিত ৩৪ হাজার একর জমি শনাক্তকরণ ও পুনরুদ্ধার করে বিতরণের জন্যে সরকারকে আহ্বান জানান।
তারা বলেন, প্রতিটি ক্যাম্পবাসী এ দেশের নাগরিক। অথচ তাদের ভোটাধিকার ছাড়া আর কোনো অধিকার নেই। উর্দূভাষীরাও দেশের উন্নয়নে অবদান রাখতে চায়।
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাব প্ল্যানের’ অংশে উর্দুভাষীদের উন্নয়নকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।