স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার মারা গেছেন।
বুধবার বিকেলে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শারীরিক অসুস্থতা নিয়ে গত ৮ আগস্ট যতীন সরকার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকেল পৌনে ৩টায় তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই চিকিৎসক জানান, যতীন সরকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সেই সাথে নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
যতীন সরকার দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেয়া হবে।