বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) সাবেক চেয়ারম্যান শেখ নাসির হোসেন লিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
অপরদিকে একই আবেদনের পরিপ্রেক্ষিতে শামসুল আরেফিন নামে একজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকেরও নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, শেখ নাসির হোসেন লিপু ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
সূত্র : বাসস