মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।

আজ মঙ্গলবার হিটুর আইনজীবী মোহাম্মদ আব্বাস উদ্দিন এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে তার অর্থদণ্ড স্থগিতের আদেশ দিয়েছেন।

আদালতে আপিলের পক্ষে শুনানি করেন মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এর আগে, গত ১৭ মে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনার পর মাগুরাসহ সারাদেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। এ ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিক্যাল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।