সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, সন্তান নুরিন সিদ্দিকের নামে থাকা ২৪ দশমিক ৮০ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জব্দ সম্পদের মধ্যে বারিধারার ডিওএইচে সাততলা দালান বাড়ি, একই এলাকার সাততলা ভবনের পাঁচ থেকে সাততলার তিনটি ফ্ল্যাট, একই এলাকার ৩৬০০ স্কয়ার ফিটের চারটি কার স্পেসসহ দু’টি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট, বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্লট রয়েছে।
আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
সূত্র : বাসস