দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একাধিক মামলায় জড়িত সোহাগ পাটোয়ারীসহ পাঁচজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। একদিনের ব্যবধানে মোট পাঁচ প্রতারককে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুদক ইতোমধ্যে মামলা দায়ের করেছে।

গত ২৪ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট দুদকের নজরে আসে। ওই পোস্টে প্রতারণার অভিযোগ উঠলে দুদক তদন্ত শুরু করে। পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি তদন্ত দল বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো: সেলিম (৪০), মো: তরিকুল ইসলাম (৪০), মো: আতিক (৩৮), মো: আব্দুল হাই সোহাগ (৩৫) এবং সোহাগ পাটোয়ারী (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি সোনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল ফোন এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে।