নেপালে ইউরোলজিক সার্জনদের ১০ম বার্ষিক কনফারেন্স ইউরোকন ২০২৫ ও দক্ষিণ এশিয়ার ইউরোলজিক্যাল সার্জনস (এসএইউএসকন ৪র্থ) আয়োজিত বার্ষিক কনফারেন্সে কিডনির পাথর অপসারণে সর্বাধুনিক চিকিৎসা বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন ডা: মো: রফিকূল ইসলাম। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা উপস্থিত ছিলেন।

ডা: রফিকুল ইসলাম আল্ট্রাসাউন্ডের সাহায্যে বিশেষ শকের মাধ্যমে (ইএসডাব্লিউএল) অপারেশন ছাড়া কিডনির রেডিওলুসেন্ট পাথর বের করার এ আধুনিক চিকিৎসায় বাংলাদেশের সাফল্য বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সামনে তুলে ধরেন।

ডা: মো: রফিকূল ইসলামের নেতৃত্বে তার টিম সাফল্যের সাথে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আধুনিক এ চিকিৎসার সফল প্রয়োগ করতে সক্ষম হয়েছেন। যেখানে কোনো ধরনের রেডিয়েশন ঝুঁকি নেই।