দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি সম্মেলন। কিডস হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দুই দিনব্যাপী দেশী-বিদেশী শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন এই কংগ্রেসে।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময়, লাইভ ওয়ার্কশপ এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে প্রথম দিনের আয়োজনের উদ্বোধন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা: নূরুন্নাহার ফাতেমা। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান।
কংগ্রেসের প্রধান আকর্ষণ ছিলেন লন্ডনের ইভেলিনা চিনড্রেন হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: শাকিল আহমেদ কুরেশি। শিশু হৃদরোগ চিকিৎসায় তার অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। অধ্যাপক ডা: শাকিল আহমেদ কুরেশি তার কর্মজীবনের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা: ফজিলাতুন্নেসা মালিক, অধ্যাপক ডা: নাজমুন নাহার এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা: মোহাম্মদ সফিউদ্দিন।
অধ্যাপক ডা: নূরুন্নাহার ফাতেমা শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা সুবিধাকে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে শুধু ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত সুবিধা আছে, যা দেশের অন্যান্য অঞ্চলের শিশুদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’
এতে ১১০ জন প্রশিক্ষণার্থী অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে সরাসরি ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েছেন।