বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে বুধবার (২৮ মে) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগ যৌথভাবে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরু হয় সকাল সাড়ে ৮টায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে।

র‍্যালির উদ্বোধন করেন দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট অধ্যাপক ডা: মো: জলিলুর রহমান এবং খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মোঃ মাহবুবুর রহমান। র‍্যালিটি পরিচালনা করেন হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা: মো: আদনান হাসান মাসুদ।

র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তারা ব্লাড ক্যান্সার সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: আমীন লুৎফুল কবীর বলেন, ‘রক্ত ক্যান্সার এখন আর অনিরাময়যোগ্য রোগ নয়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সঠিক সময়ে চিকিৎসা শুরু করলেই জীবন রক্ষা সম্ভব।’

সোসাইটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা: মো: মনিরুল ইসলাম বলেন, ‘দেশে হেমাটোলজি চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় এবং রোগীর পাশে পরিবার ও সমাজের সমর্থন।’

হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: এ কে এম মইনুল ইসলাম বলেন, ‘অনেকেই প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব না দিয়ে দেরিতে চিকিৎসা গ্রহণ করেন। সচেতনতা বাড়লেই রোগটি শুরুতেই ধরা সম্ভব।’

শিশু হেমাটোলজি বিভাগের প্রধান ডা: ফেরদৌসী বেগম বলেন, ‘শিশুদের মধ্যে রক্ত ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় অভিভাবকদের দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি, কারণ শিশুরা দ্রুত সাড়া দেয়।’

এছাড়া সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউটের সেন্ট্রাল অডিটোরিয়ামে আরো একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হেমাটোলজিস্ট অধ্যাপক ডা: মোঃ জলিলুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: মো: মাহবুবুর রহমান, ইনস্টিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: রাকিব উদ্দিন আহমেদ এবং আটটি বিভাগীয় সদরে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক ডা: মো: তৌফিক হাসান ফিরোজ।

সোসাইটির সাধারণ সম্পাদক ডা: মো: আদনান হাসান মাসুদের স্বাগত বক্তব্যের পর চারজন বিশিষ্ট হেমাটোলজিস্ট তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন অধ্যাপক কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা: আব্দুল হাই, ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ এবং অধ্যাপক ডা: তাশমিম ফারহানা দীপ্তা।

এ সেমিনারে বক্তারা বলেন, ‘ব্লাড ক্যান্সারের উন্নত ও আধুনিক চিকিৎসা এখন দেশের মধ্যেই সম্ভব। তবে রোগী এবং তার পরিবারকে দ্রুত হেমাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে।’