ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশনের (নিটোর) ডি-অর্থো পরীক্ষা আজ বুধবার আগের মতো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে গতকাল মঙ্গলবার পরীক্ষাটি স্থগিত করে দেয়া হয়। অবশ্য গতকাল মঙ্গলবার আরেকটি অফিস আদেশে আজ বুধবার ওই পরীক্ষাটি হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে নিটোরের পরিচালক অধ্যাপক ডা: মো: আবুল কেনান আজ বুধবার পরীক্ষা নেয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ডি-অর্থো পরীক্ষাটি আজ যথাসময়ে নেয়া হবে।

গত সোমবার দুই শিক্ষকের মধ্যে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। প্রতিষ্ঠান প্রধান হিসেবে ডা: মো: আশরাফুল ইসলাম আমাকে কিছু বলেননি। তবে আমি এ ব্যাপারে বিধি মোতাবেক কি ব্যবস্থা নেয়া যায় তা ভেবে দেখছি।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ : ডা: মো: আশরাফুল ইসলামকে হুমকি প্রসঙ্গে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, নিটোরের সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) ও নিটোর ড্যাব সভাপতি ডা: মো: শামসুল আলম। ‘অপ্রীতিকর ঘটনায় নিটোরের ডি-অর্থো পরীক্ষা স্থগিত’ শীর্ষক সংবাদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: আশরাফুল ইসলামকে আগামীতে নিটোরে পরীক্ষা নিতে আসলে অ্যাসল্ট করা হবে বলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন আখ্যায়িত করেছেন ডা: শামসুল আলম।

তিনি ডা: মো: আশরাফুল ইসলামের অভিযোগটি উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে বলেন, তাকে কোনো হুমকি দেইনি এবং তার সাথে অসৌজন্যমূলক কোনো আচরণ করিনি। আমার বিশ্বাস ডা: আশরাফুল ইসলাম ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের কারণে এ ধরনের অসত্য অভিযোগ করেছেন।

এ দিকে হুমকি দেয়ার বিষয়টি নিটোরের সহযোগী ডা: মিজান ও ডা: সিরাজুস সালেহীনও জানেন বলে ডা: আশরাফুল ইসলাম নয়া দিগন্তকে জানান। তবে ডা: মিজানকে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি।