বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেছেন, প্রমাণভিত্তিক চিকিৎসাকে ছড়িয়ে দিতে পারলে সামগ্রিক চিকিৎসায় বিরাট পরিবর্তন আসবে। আর প্রমাণভিত্তিক চিকিৎসা হলো সত্যের সাক্ষ্য। চিকিৎসকরা যদি তাদের ব্যবস্থাপত্রে সঠিক নির্দেশনা এবং প্রমাণভিত্তিক চিকিৎসাকে অনুসরণ করে ওষুধ লিখেন ও দেন, তবে রোগীরা যেমন সঠিক চিকিৎসাসেবা পাবেন, চিকিৎসক সমাজের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও বড় অবদান রাখবে।
আজ মঙ্গলবার বিএমইউ’তে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় বিএমইউ’র ফিটোমেটারনাল মেডিসিন বিভাগ, কার্ডিওলজি বিভাগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডিপার্টমেন্টাল কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির ২০ জন সদস্য অংশ নিচ্ছেন।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। নতুন জ্ঞান আহরণ, গুণগত মানসম্মত চিকিৎসা শিক্ষার প্রসার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, রোগীসহ জনস্বার্থ রক্ষা করা, যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন বিষয়ে প্রমাণভিত্তিক চিকিৎসার অবদান অপরিসীম।
উল্লেখ্য, এভিডেন্স বেইজড মেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা রোগীর চিকিৎসায় সর্বোত্তম বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগীর পছন্দ ও মূল্যবোধকে একত্রিত করে ব্যবহার করা হয়। এটি চিকিৎসাকে আরো নিরাপদ ও কার্যকর করে তোলে।
সূত্র : বাসস