মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

আজ শনিবার বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পরিচয়পত্র হস্তান্তরের পাশাপাশি হাইকমিশনার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রবাসী বাংলাদেশী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মালয়েশিয়ার প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। হাইকমিশনার প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন IIUM-এর মুখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। উদ্বোধনী পর্বে প্রফেসর সাফি বাংলাদেশী শিক্ষার্থীদের প্রশংসা করে শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) ও চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন।