রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা।’
তারা এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ছাত্রদলের নেতারা বলেন, ‘ভবিষ্যতেও সকল অন্যায়, সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।’
মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে সারাদেশের ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মাহমুদ ইমরান বলেন, ‘পারভেজ হত্যাকাণ্ড ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন সন্ত্রাস বারবার ঘটবে।’