রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সপ্তম সভা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে রাবিপ্রবির জনসংযোগ দফতর থেকে এ কথা জানানো হয়েছে।
এ সময় সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমে অগ্রগতি, গবেষণা সম্প্রসারণ এবং নীতিগত সিদ্ধান্তসহ ২১টি গুরুত্বপূর্ণ এজেন্ডায় আলোচনা ও অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান রাবিপ্রবির বর্তমান উন্নয়নচিত্র তুলে ধরেন।
তিনি জানান, মাস্টারপ্ল্যান চূড়ান্তকরণের পর ‘বিশ্ববিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় চারটি অবকাঠামো- প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ছাত্র হল ও ছাত্রী হল নির্মাণকাজ শুরু হয়েছে।
একই সাথে সভা কক্ষ আধুনিকায়ন, প্রশাসনিক ভবন-১-এর উর্ধ্বমুখী সম্প্রসারণ, বিকল্প সড়ক ও সেতু নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পাসে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে তফশিলি ব্যাংকের শাখা স্থাপনেও উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল-২০২৫ আয়োজন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ নির্মাণ, বিভাগভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন, শিক্ষক- কর্মকর্তা -কর্মচারী নিয়োগ, রিসার্চ ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেল গঠন, শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট চালু, রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং সোসাইটি ও সাংবাদিক সমিতির কার্যক্রম চালু, মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্লিন ক্যাম্পাস গঠনের কার্যক্রম সভায় উপস্থাপন করা হয়।
সভায় ২১টি এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরি নিশ্চিতকরণ, আপগ্রেডেশন, বিভিন্ন ছুটি ও নীতিমালা অনুমোদন, ক্লাব-সোসাইটির গঠনতন্ত্র অনুমোদন, বিভিন্ন বোর্ডে সদস্য মনোনয়ন, অতিরিক্ত দায়িত্ব প্রদান ও বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল অনুমোদন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মর্যাদাকে সম্মান জানাতে প্রথম ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার নামে বৃত্তি চালুর উদ্যোগ, শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় পেনশন সংবিধি প্রণয়ন, আইকিউএসি সেলের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালা, শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার আয়োজনের বিষয়ও রিজেন্ট বোর্ডকে অবহিত করা হয়।
সভায় নবনিযুক্ত নয়জন রিজেন্ট বোর্ড সদস্যকে ভাইস-চ্যান্সেলর অভিনন্দন জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, যুগ্ম সচিব মোসা: রোকেয়া পারভীন, বিসিএসআইআর চট্টগ্রামের ড. সাইফুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের পরিচালক ডা: পবিত্র কুমার ভট্টাচার্য্য, বন গবেষণা ইনস্টিটিউটের ড. মোহাম্মদ জাকির হোসাইন।
এছাড়া শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, চুয়েটের প্রফেসর ড. ইউনুছ আহমেদ, রাবিপ্রবির সহযোগী অধ্যাপক সূচনা আখতার ও সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম।
সভা শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষা, গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।