রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দু’কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৮ দশমিক ৩১%।
অন্য দিকে কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা রংপুর অঞ্চলের তিনটি কেন্দ্রে বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ১৮২, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৪৩৮ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.১৮%।
সকালে কেন্দ্র পরিদর্শন করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী। এ সময় তার সাথে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো: ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো: তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো: মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভিসি জানান, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।’
তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে।’