২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গত ১ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেয়ার মাধ্যমে ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান জানান, এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। এতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), প্রিলি টু মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। শিক্ষাবৃত্তির জন্য মূলত দু’টি ক্যাটাগরির- ১। বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী এবং ২। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত, কিন্তু মেধাবী শিক্ষার্থীরা বিবেচিত হবেন।
আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
স্নাতক (পাস) : ২য় বর্ষ (২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ) এবং ৩য় বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ)।
স্নাতক (সম্মান) : ২য় বর্ষ (২০২২-২৩ শিক্ষাবর্ষ), ৩য় বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং ৪র্থ বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ, ৩য় বর্ষের ফলাফলের ভিত্তিতে)।
মাস্টার্স প্রিলিমিনারি : ২০২০-২১ শিক্ষাবর্ষ।
স্নাতকোত্তর : ২০২২-২৩ শিক্ষাবর্ষ (অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে)।
আবেদনের প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ পোর্টাল (http://collegeportal.nu.ac.bd)-এ প্রবেশ করে College Login করার পর ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ লিংকে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে।
এই শিক্ষাবৃত্তি শুধু শহীদদের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি মাধ্যম নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।