নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের সেমিনার হলে শতাধিক ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: ইসমাইল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকা থেকে আগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কাইয়ুম মাসুদ।

সেমিনারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত, স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এআই’র উপরে একটি ল্যাব স্থাপন করা হবে বলেও সেমিনারে শিক্ষার্থীদের আশ্বস্ত করে প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘এআই’র প্রভাবে বর্তমান বিশ্বে অনেক যুগান্তকারী পরিবর্তন ঘটবে। আমাদের রফতানি আয়ের অন্যতম উৎস গার্মেন্টস সেক্টরে এর বড় একটি প্রভাব পড়বে। বিশেষত অদক্ষ জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান হারাবে। এজন্য আমাদের আরো স্কিলড হতে হবে। সেই লক্ষ্যেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কাজ করছে। দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করছে।’