গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ (গাকৃবি) দেশের কৃষি প্রাধান্যের নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে।

সারাদেশে একযোগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এ বছর মোট ৩৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনে প্রায় ২৫ জন শিক্ষার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। গাকৃবিতে ৪৩৫টি আসনের জন্য প্রায় ৮০০০ পরীক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণ করবেন।

গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরো দক্ষ ও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারব।’ তিনি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।