বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসর ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনায় অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শনী করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনী করেন।

এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ শেষে তারা ‘জয় বাংলা’ গান বাজিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়।

সম্প্রতি জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে দমন করার পরিকল্পনা করা হয়েছিল তার একটি এক ঘণ্টা ৩০ মিনিটের অনলাইন মিটিংয়ের ভিডিও ভাইরাল হয়। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের ওই শিক্ষকদের ছবি নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘ভিসি ড. শূচিতা শরমিন জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যার সমর্থন করেছিলেন এবং প্রশাসনের চাটুকারিতে লিপ্ত ছিলেন, এমন বহু শিক্ষক-কর্মচারী তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে আসীন করতেছেন। অপরদিকে অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের মতো একজন সম্মানিত শিক্ষককে অপমান করেছেন এবং বেআইনিভাবে সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন। অধ্যাপক মুহসিনকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।’

তারা আরো বলেন, ‘রেজিস্ট্রার মনিরুল ইসলাম মনপুরা একজন আওয়ামী লীগের পদধারী নেতা। নিয়মবহির্ভূতভাবে তাকে পুনরায় দায়িত্বে রাখা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তাকে দ্রুততম সময়ে অপসারণ করতে হবে।’

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ফ্যাসিবাদের দোসর দেখতে চাই না। আমাদের চার দফা দাবি মানা না হলে সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪ দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের আজ তৃতীয় দিন।