দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও’র অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর লক্ষ্যে আগামী ২১ জুলাইয়ের মধ্যে বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে জানানো হয়, মাউশি অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও’র অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল দাখিল করবেন।

আদেশে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোনো ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরিত না হলে কিংবা কোনো অতিরিক্ত অর্থ চলে গেলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

মাউশি জানিয়েছে, অসাবধানতাবশত কোনো ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী যদি অতিরিক্ত অর্থ পেয়ে থাকেন, তবে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

আদেশে আরো উল্লেখ করা হয়, শুধু আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত শিক্ষক-কর্মচারীদের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল বা অসঙ্গতি রয়েছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং তা যাচাই সাপেক্ষে পরবর্তী সময়ে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল দাখিল সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। বাসস