অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি এই সফর করবেন।
আগামী ২০ নভেম্বর দেশটির রাজধানী নয়াদিল্লিতে ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি অনুষ্ঠিত হবে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপে যোগ দেয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।