এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর বা তিমুর-লেস্তে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা আসিয়ানের ১১তম সদস্য হয়েছে। এতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পূর্ব তিমুরের পতাকা অন্য সদস্য দেশগুলোর পতাকার পাশে উত্তোলন করা হয়, যা আঞ্চলিক ঐক্য, সহযোগিতা ও অগ্রগতির প্রতীক।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান এই অর্থনীতির সাথে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এই মাইলফলককে স্বাগত জানিয়ে বলেন, ‘তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য এক ঐতিহাসিক অর্জন, আর আমাদের দেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ। তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আমি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে এবং তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।’
এনভয় টেক্সটাইলস ও শেল্টেক্গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তার মতে, পূর্ব তিমুর আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ পূর্ব তিমুরে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন।
তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দু’দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরি করবে।
বিজ্ঞপ্তি