বাংলাদেশের জাতীয় সংসদের সাথে আন্তর্জাতিক সংসদীয় সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সহযোগিতা আরো জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। সফর শেষ করে তিনি আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।
রোববার রাত ৮টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।
সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের জাতীয় সংসদের সাথে আইপিইউর বিদ্যমান সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি সংসদীয় কূটনীতি, আন্তঃসংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।