রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) এবং তার মা ফিরোজা বেগম (৪০)।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিপন প্রথমে তার স্ত্রী রাত্রিকে ছুরিকাঘাত করেন। পরে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করেন।

ওসি জানান, ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।