নাটোরের সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের মরহুম রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানায়, রমিজুল করিম নাটোর শহরে কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি সিংড়ার কলম পুন্ডরী গ্রামে ফিরছিলেন। পথে দিঘাপতিয়া ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।