দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলেও তারা বসে নেই। তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক ছাত্র-জনতার মাঝে কোনো বিভেদ তৈরি করা যাবে না। জুলাই বিপ্লবের ঐক্যের চেতনাকে ধারণ করে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের সকল পথ বন্ধ করতে হবে।’

সোমবার (২৪ মার্চ) নগরীর মিরাবাজারে সিলেট মহানগরীর কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মাহে রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণি বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থ্যবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখেও হাসি ফুটবে।’

এ সময় থানা আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুতালেব, অ্যাডভোকেট জুনেদ আহমেদ, জামায়াত নেতা এখলাছুর রহমান, ইলিয়াস আলী তালুকদার, মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহিন উদ্দিন, মোহাম্মদ হানিফ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।