কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: পারভেজ মোশাররফ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইদি (২৫) নামে আরেক যুবক। পৃথক আরেকটি ঘটনায় উখিয়ার খাদিজাতুল কোবরা মাদরাসার ছাত্রী রিতু আক্তার (১৪) প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতা আবুল আলা।
রোববার (২৯ জুন) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাথাভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা জানান, দুপুরের দিকে মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পেকুয়ার মগনামা ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো: পারভেজ মোশাররফ ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গী চকরিয়ার সাইদি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত সাইদিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, একই দিনে কক্সবাজার-টেকনাফ সড়কে ঘটে আরেক মর্মান্তিক দুর্ঘটনা। উখিয়ার পালংখালী ইউনিয়নের খাদিজাতুল কোবরা মাদরাসার ছাত্রী রিতু আক্তার দুর্ঘটনায় প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জামায়াত নেতা আবুল আলা। তবে দুর্ঘটনাটি কোথায় ও কিভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সড়ক দুর্ঘটনায় এক দিনেই দুই তরুণ প্রাণ হারানোয় স্থানীয়রা মেরিন ড্রাইভ ও টেকনাফ সড়কে যান চলাচলে অধিকতর নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।