বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটেছে।
স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা দিনমজুর নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন।
বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, গত বুধবার (১৩ মার্চ) শিশু দু’টি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় মুখোরচক খাবার দেয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে চলে যান। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।
ওসি আরো জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।