মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের মধ্যে খাদ্য অধিদফতরের ৪০ বস্তা ও সাদা খোলা ছয় বস্তা চাল রয়েছে। যার মোট পরিমাণ প্রায় ১৩৮০ কেজি।
মঙ্গলবার (১২ মে) বিকেলে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় একটি গোডাউন থেকে এসব সরকারি চাল জব্দ করা হয়।
জানা যায়, লোটাবর এলাকার উসমান মণ্ডলের ছেলে সাজেল মিয়া দীর্ঘদিন ধরে সরকারি চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তার গোডাউন থেকে খাদ্য অধিদফতরের বস্তাসহ বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করে। তবে অভিযানের সময় অভিযুক্ত সাজেল মিয়া পালিয়ে যায়।
অভিযানকালে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, র্যাব-১৪-এর অভিযানে উদ্ধার হওয়া সরকারি চাল থানায় রাখা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, অভিযুক্ত সাজেল মিয়া বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে অ্যাসিল্যান্ডকে পাঠানো হয়েছিল। বিস্তারিত বিষয়ে তিনি দেখভাল করছেন।