মাদারীপুরে গ্যাস সিলিন্ডারভর্তি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজয় কুমার হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।