নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে বিতর্কের জেরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে যাত্রীর মারধরে নিহতের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।

কিরণ উপজেলার সাহাপুর ইউনিয়নের মরহুম নাজির আহম্মদের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর কিরণের সাথে সোমপাড়া বাজারে একই ইউনিয়নের মিজানের সাথে ভাড়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। কিরণের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা মিজানের দোকানে হামলা করে তাকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।