জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাকে আদালতে হস্তান্তর করে চার দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আকাশকে জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ‍পুলিশ। জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন আকাম। ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাড়াও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ও আকাশ।

উল্লেখ্য, ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এছাড়াও মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেও অনুসন্ধানের তালিকায় আছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, ‘আমরা চার দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন মঞ্জুর করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে এবং আবু সাঈদ হত্যার দিন আকাশ অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন। এ ধরনের বেশ কিছু ভিডিও ও স্টিল ছবি আমাদের কাছে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনার ভেতরের অনেক কিছুই আরা জানতে পারবো বলে মনে করছি। নিয়ম মেনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।