মুন্সীগঞ্জের সদর উপজেলায় প্রাইভেটকারের সাথে অটোরিকশার ধাক্কা লাগায় বাগ্বিতণ্ডার জেরে পুলিশকে লক্ষ্য করি গুলি ছুড়েছেন এক যুবক। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আটক সাব্বির হোসেন দীপু (২৯) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালুরচর যাওয়া সড়কের ছটফটিয়া গ্রামের হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৭২০৮) সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারে থাকা ওই যুবক নেমে নিজের কোমর থেকে রিভলভার বের করে প্রদর্শন করেন। ঘটনায় তাৎক্ষণিক হাতিমারা তদন্ত কেন্দ্রের ডিউটিরত পুলিশের একটি দল তাকে আটক করার চেষ্টা করলে ৩ রাউন্ড গুলি ছুড়ে ওই যুবক।

এদিকে তাকে গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও সাজেদুল আহত হন। পরে উপস্থিত ছাত্র-জনতা ওই যুবককে মারধরসহ প্রাইভেটকারটি ভাঙচুর করলে গাড়িতে থাকা সহযোগী মুকুল (৩৩), শাহাদাত হোসেনসহ (৩৪) অপর দু’জন পালিয়ে যান।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।