গাজীপুরের কালিয়াকৈরে গরু বহনকারী একটি ট্রাক ও শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন- ট্রাক চালক আলমগীর হোসেন (৩০) ও গরু ব্যবসায়ী হানিফ মিয়া (৩২)।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর জখম অপর চারটি গরুকে জবাই করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকটির সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ট্রাকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ট্রাকের পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত অপর চারটি গরুকে স্থানীয়রা জবাই করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু জাফর দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।