রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘মাস্টারিং কমিউনিকেশনস: দ্যা কি টু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।

এতে প্রধান বক্তা ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়্যুম।

তিনি বলেন, ‘যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেন বলেন, ‘অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরি।’

সেমিনারে রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।