যুদ্ধবিরতির চুক্তি লংঘন করে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনে নারী, শিশুসহ শত শত মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরী জামায়াত।
বৃহস্পতিবার (২০ মার্চ) জোহরের পরে ঐতিহাসিক আন্দরিকল্লা জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাস্ট্যিান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইসরাইল গণহত্যা চালাচ্ছে অথচ মানবাধিকারের ফেরিওয়ালা পশ্চিমা বিশ্ব নীরব রয়েছে। তারা আরো ইসরাইলকে উস্কে দিচ্ছেন। মুসলিমদের সংগঠন ওয়াইসিও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে। এভাবে চোখের সামনে শত শত নারী পুরুষ ও শিশুদের হত্যার নির্মম ঘটনা তাদের বিবেকে আঘাত করে না! এই আধুনিক বিশ্বে একটি মজলুম জাতিকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র বিশ্বনেতারা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রান্ত হতে আমরা বলতে চাই, শিশুদের আর্তনাদ আমাদের সহ্য হচ্ছে না। আমাদের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমরা বিশ্বেও মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাতে চাই অবিলম্বে সন্ত্রাসী ইসরাইলকে থামান। এবাবে চলতে পারে না। মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।