জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ বলেছেন, ‘আমাদের সম্পদের কোনো অভাব নেই, শুধু সুশাসন ও সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবেই উন্নয়ন সম্ভব হচ্ছে না।’
সোমবার (১৯ মে) গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. আমানউল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গুণগত মানোন্নয়নের লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কলেজগুলোর গভর্নিং বডি ঢেলে সাজানো, মনিটরিং ও অডিটিং জোরদার, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিভাগীয় পর্যায়ে কলেজগুলোর সুযোগ-সুবিধা নিশ্চিত করার মতো নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘কলেজগুলোতে মোবাইল জাজিং নিয়ন্ত্রণেও যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।’
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ড. আমানউল্লাহ বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে মানসম্মত শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। গুণগত শিক্ষা এখন অতীব জরুরি। মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য সিলেবাস সংস্কার, আইসিটি শিক্ষা ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে, যাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা অর্জন করতে পারে।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সম্পর্কে তিনি বলেন, ‘১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ হাজার। কিন্তু সুশাসন ও পরিকল্পনার অভাবে শিক্ষা প্রদানের অবকাঠামো এখনো সে অনুপাতে গড়ে ওঠেনি। এসময় কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম ও সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানায়ারা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো: শওকত আলী, অধ্যাপক মো: মহসীন, অধ্যাপক অসীম কুমার বর্মন ও মো: শামীম শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালকরা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ।