ঢাকার আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে মা সুফিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আওলাদ বেপারীর বিরুদ্ধে। ঘটনার পর ছেলে পালিয়ে গেলেও গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঘাতক ছেলেকে আটকের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত পুলিশ। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় শয়নকক্ষে মাকে কুপিয়ে হত্যা করেন আওলাদ।
নিহত সুফিয়া খাতুন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘাতক আওলাদ একজন মাদকসেবী। সে নিয়মিত মাদক সেবন করেন, কোনো কাজ করে না। সমাজের কারো সাথেই তার ভালো সম্পর্ক নেই। তার মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। রাতে নিজের শয়নকক্ষেই ছিলেন সুফিয়া। মায়ের কক্ষে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান আওলাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান। পরে দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।