ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে সুজন ফকির (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুজন ফকির (৩২) জাজিয়া গ্রামের খোকন ফকিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, সকালে জাজিয়া গ্রামের নিহত সুজন ফকিরের সাথে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে তা নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্কতর্কির এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যান। ঘাতক শাওন ফকির পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।