মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের দুই সদস্যের ওপর হামলা ও পিটিয়ে জখম করা মামলায় পৃথক দুটি ধারায় চার আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এর রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়া (৪২) মাদারীপুর শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন আকনের ছেলে, আসামি জাহিদ (২৪) শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামের জালাল ভান্ডারীর ছেলে, আসামি রাজু (৩০) লৌহজং উপজেলার গোয়ালি মাত্রা গ্রামের মেঘার ছেলে ও মো: ফারুক (৩০) একই গ্রামের মৃত রাঙ্গামিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: বুলবুল আহমেদ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ মে রাত ১২টার দিকের ঘটনা। ওই সময় শ্রীনগর দক্ষিণ পাইকসা গ্রামের কালী শিকদারের পুকুর পাড়ে রাস্তার ওপর বসে মাদক বিক্রি করছিলেন আসামিরা। এ সময় শ্রীনগর থানার কর্মরত পুলিশ অভিযান চালায়। অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়।
এ সময় বাচ্চু মিয়া চিৎকার দিলে অন্যান্য আসামিরা এগিয়ে এসে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টবল শহিদুলের ওপর হামলাসহ গুরুতর আঘাত করেন। এই ঘটনায় আসামি বাচ্চু মিয়ার বিরুদ্ধে পৃথক মাদক মামলাসহ অন্যান্য আসামিদেরসহ দণ্ডবিধি আইনে শ্রীনগর থানার এসআই আল আমিন সরকার বাদি হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করে। বিচারাধীন থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, পুলিশের ওপর হামলা ও আঘাতের ঘটনায় ৪ আসামিকে দণ্ডবিধির পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করেছে।