‘শিশু কিশোরসহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী, ছাত্র-জনতা ও মেহনতি মানুষের রক্ত পান করেও শেখ হাসিনার রক্ততৃষ্ণা শেষ হয়নি,’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (দেব) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে রাখার কারণ ছিল টাকা কামাই। ফ্লাইওভার, পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্পের টাকা লুট করে আওয়ামী লীগ কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে সম্পদের পাহাড় গড়েছে। যেটার একমাত্র উদ্দেশ্য তাদের সন্তান, আত্মীয়-স্বজনরা যেন কেয়ামতের আগ পর্যন্ত ঝাড়বাতির আলোয় থাকতে পারে।’
বিএনপির এ নেতা আরো বলেন, ‘এখনো শেখ হাসিনা মনের মধ্যে খুন, গুম, হত্যা ও প্রতিহিংসার ভাব বিরাজমান। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সকল দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে দ্রুত নির্বাচন দিতে হবে।’
রংপুর মেডিক্যাল কলেজ ইউনিটের আয়োজনে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। মেডিক্যাল ইউনিট সভাপতি ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় দেব ও বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে চিকিৎসক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।