সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সীমান্তের ১২৫৮ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ভারতীয় ছাফ পিলারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাকারিয়া (২৩)। তিনি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামার গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, জাকারিয়ার লাশটি একটি গাছের ডালে দড়িতে ঝুলছিল। এমন নির্মম হত্যার ঘটনা দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজিবির উৎমা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, বেলা পৌনে ১১টার দিকে সীমান্তের ১২৫৮ বিএস পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। সম্ভবত, সীমান্তের ওপারে যাওয়ায় খাসিয়ারা তাকে মেরে ঝুলিয়ে রাখতে পারে। বিএসএফকে লাশ হস্তান্তর করার জন্য বিজিবির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।