নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত সিংড়া পৌর শহরের সরকারপাড়ায় এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া মহল্লার আলাউদ্দিন ও একাব্বর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় জাল ব্যবসায়ী আলাউদ্দিন পালিয়ে গেলেও একাব্বর হোসেনকে মৎস্য সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা এবং জাল সরবরাহকারী শহিদুল সরদারকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পলাতক আলাউদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। জনগণকে সচেতন করা হচ্ছে এবং যারা অবৈধ জাল কেনাবেচায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।