ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার-সংলগ্ন রেললাইনের পাশ থেকে মধ্যবয়সী অজ্ঞাত পরিচয় এক পুরুষের মাথার খুলিবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।’

তিনি জানান, ‘বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তির লাশ রেললাইনের পাশে পড়ে আছে। ঠিক ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মাথার মগজ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশকে খবর দেয়া হয়। তারা পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনিব্যবস্থা রেলওয়ে পুলিশ নেবে।’