বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. এম কোরবান আলী বলেছেন, ‘বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। শিক্ষার মান এতোই নিচে নেমেছে যে না পড়েই ডিগ্রি পাওয়া যায়। আমাদের মূলেই গলদ, যারা ডিগ্রি দেন তাদেরই ডিগ্রি নাই। এ গলদ দূর করতে হবে। আমরা যখন শিক্ষক নিতে চাই তখন ভালো শিক্ষক পাওয়া যায় না। অথচ একটি আদর্শ জাতি গঠনে দরকার একদল আদর্শ শিক্ষক।’
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি দেশ ও জাতির কল্যাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে অবশ্যই অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেষ্টা করবেন।’
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি ড. আবু তাছনিমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রবিউল ইসলাম। ফেডারেশনের গাজীপুর মহানগরীর প্রধান উপদেষ্টা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো: জামাল উদদীন, নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুক, গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশি, শিক্ষক নেতা মাওলানা মো: সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামারুজ্জামান খান মামুন।
অনুষ্ঠানের শুরুতে দারস উপস্থাপন করেন টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ফজলুল করীম বলেন, ‘গত ১৫ বছর শিক্ষক সমাজের বিবেক শানিত ছিল না, তারা ফ্যাসিবাদের সাথে আপস করেছেন। শিক্ষকরা রুখে দাঁড়ালে ফ্যাসিবাদ ভোট কারচুপির সুযোগ পেত না, বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত।’